ডেস্ক রিপোর্ট ॥ পূর্ণাঙ্গ সিলেবাস, অভিন্ন প্রশ্নপত্র এবং কঠোর পরীক্ষা ব্যবস্থাপনার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। তবে দেশের কোনো অংশে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে অভিন্ন প্রশ্নপত্রের কারণে প্রয়োজন হলে সারা দেশেই পরীক্ষা স্থগিত করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, কোনো একটি বিভাগে ঘূর্ণিঝড়, বন্যা বা অন্য বড় দুর্যোগ দেখা দিলে পরিস্থিতি বিবেচনায় পুরো দেশের পরীক্ষা অন্য দিনে নেওয়ার সিদ্ধান্ত হতে পারে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সব শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তিনি বলেন, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় একটি অঞ্চলের জন্য আলাদা পরীক্ষা আয়োজন করা জটিল হতে পারে। তাই প্রয়োজন হলে নির্ধারিত দিনের পরীক্ষা স্থগিত করে নতুন তারিখে সারা দেশে একযোগে পরীক্ষা নেওয়াই অধিক কার্যকর ব্যবস্থা হবে।
এ ছাড়া কোনো পরীক্ষার্থী দুর্ঘটনা বা বিশেষ পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে না পারলে স্থানীয় প্রশাসন যৌক্তিকতা বিবেচনা করে নমনীয় অবস্থান নিতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে বৃহস্পতিবার (২ জুলাই)। প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদরাসা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসি (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে এবং পরীক্ষার্থীদের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে, যেখানে ৩১০টি কেন্দ্রে অংশ নেবেন ৩ লাখ ৩৯৩ জন। এছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০ জন, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮ জন, কুমিল্লায় ৯৪ হাজার ৮০২ জন, ময়মনসিংহে ৭৩ হাজার ৩৭ জন, সিলেটে ৭১ হাজার ৭১১ জন এবং বরিশালে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী অংশ নেবেন। মাদরাসা বোর্ডে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি বোর্ডে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
