ডেস্ক রিপোর্ট ॥ জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে পৌঁছাবেন এবং জাতিসংঘে ভাষণ দেওয়ার পাশাপাশি একাধিক কূটনৈতিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিউইয়র্কে অবস্থানকালে তার সম্মানে একটি নাগরিক সংবর্ধনার আয়োজন করা হবে। প্রায় দুই দশক পর তার যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ইতোমধ্যে সফর সফল করতে ভার্চুয়াল প্রস্তুতি সভা করেছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর নিউইয়র্কে সমবেত হওয়ার প্রস্তুতি চলছে।
কূটনৈতিক ও দলীয় সূত্র জানায়, সফরকালে প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নিতে পারেন। আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সদর দপ্তরের মূল মিলনায়তনে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সম্ভাবনা রয়েছে। নিউইয়র্কের কর্মসূচি শেষে তিনি ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে দেশে ফিরবেন। পুরো সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে।
বিশ্লেষকদের মতে, এবারের অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় একই সময়ে বাংলাদেশের সরকারপ্রধান ও সভাপতির উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করবে। এ কারণে সফরকে ঘিরে সরকারি পর্যায়েও ব্যাপক প্রস্তুতি চলছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে। তবে সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি এবং বিষয়টি নিয়ে কাজ চলছে।
উল্লেখ্য, সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ থেকে ২৬ জুলাই প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফর করেন। ওই সফরে একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতিসংঘ অধিবেশনের আগে আপাতত অন্য কোনো দেশ সফরের পরিকল্পনা নেই।
