নিজস্ব প্রতিবেদক ॥ স্বাস্থ্য মন্ত্রীর বরিশাল সফরের পরপরই হাসপাতাল এলাকায় সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। মঙ্গলবার (১২ মে) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল কম্পাউন্ডে পরিচালিত অভিযানে নারী-পুরুষসহ আটজন দালালকে আটক করা হয়েছে।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং র্যাব-৮ এর সহায়তায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানে হাসপাতালের ভেতর ও মূল ফটকের সামনে অবস্থানরত দালালদের চিহ্নিত করে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. রুমান, মো. রুবেল, ছাবিনা আক্তার নাজমা, লাবনী খানম, সুমি বেগম, মিম আক্তার, আইসা আক্তার ও হাফিজা বেগম। প্রশাসন জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি রোগীদের উন্নত চিকিৎসা ও দ্রুত পরীক্ষার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতো। বিনিময়ে তারা কমিশন পেতেন।
অভিযানে আটক কয়েকজন দালাল স্বীকার করেছেন, রোগীপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমিশন দেওয়া হতো। এতে রোগীরা প্রতারণার শিকার হতেন এবং অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য হতেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালকেন্দ্রিক দালালদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছিল। ১১ মে স্বাস্থ্য মন্ত্রী বরিশাল সফরে এসে জেলা শহরসহ প্রতিটি উপজেলা হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে কঠোর নির্দেশ দেন।
তিনি বলেন, সরকারের নির্দেশ বাস্তবায়নে অভিযান শুরু হয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালিয়ে হাসপাতাল এলাকা দালালমুক্ত রাখা হবে।
