বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বৃহৎ পরিসরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শত শত কৃষক অংশ নেন এবং বিভিন্ন প্রকার বীজ, চারা ও সার গ্রহণ করেন।
সোমবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত আলোচনা সভার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, স্থানীয় রাজনৈতিক ও কৃষক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রশাসনিক কর্মকর্তারা।
বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের সহায়তা প্রদান করলে উৎপাদন বৃদ্ধি পায় এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়। সরকার কৃষকদের জন্য বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে, যার অংশ হিসেবে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
কার্যক্রমের আওতায় ১২০০ জন কৃষককে পাঁচ কেজি করে উচ্চফলনশীল আমন ধানের বীজ দেওয়া হয়। ৬০০ জন কৃষককে পাঁচটি করে নারিকেল চারা প্রদান করা হয়। এছাড়া ১৫০ জন কৃষককে আমড়ার চারা, ১০০ জন কৃষককে আমের চারা এবং ২৫ জন কৃষককে মালটার চারা দেওয়া হয়। একই সঙ্গে জৈব ও রাসায়নিক সারও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে সরকার নিয়মিতভাবে কৃষকদের পাশে রয়েছে। আধুনিক প্রযুক্তি ও সঠিক উপকরণ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বহুগুণ বৃদ্ধি করা সম্ভব।
কৃষি কর্মকর্তা জানান, কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি ফলজ গাছ রোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
উপস্থিত কৃষকরা সরকারের এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করে বলেন, বিনামূল্যে উপকরণ পেয়ে তারা কৃষিকাজে আরও উৎসাহিত হয়েছেন এবং ভবিষ্যতে উৎপাদন বৃদ্ধির আশা করছেন।
