আন্তর্জাতিক ডেস্ক ॥ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরান যদি এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করার মতো কোনো পদক্ষেপ নেয়, তাহলে মার্কিন সামরিক বাহিনী কঠোর প্রতিক্রিয়া জানাবে বলে স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
বুধবার (৮ জুলাই) ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হরমুজ প্রণালি বন্ধের চেষ্টা করলে সেটির জবাবে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। তিনি একে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত অবস্থান হিসেবে উল্লেখ করেন।
জেডি ভ্যান্স বলেন, এর আগে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা ছিল। সেই সমঝোতা অনুযায়ী, ইরান যদি জাহাজে হামলা বন্ধ করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের অবরোধ তুলে নেবে। কিন্তু যদি হামলা অব্যাহত থাকে কিংবা জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়, তাহলে যুক্তরাষ্ট্রও পাল্টা আঘাত হানবে।
ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, গত রাতে সংঘটিত হামলার ঘটনাকে সামনে রেখে ইরানের জন্য বার্তা পরিষ্কার। তারা চাইলে আন্তর্জাতিক নিয়ম মেনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারে, অন্যথায় একই ধরনের সামরিক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। তিনি জোর দিয়ে বলেন, যতদিন পর্যন্ত নৌপথ নিরাপদ ও উন্মুক্ত না হবে এবং জাহাজে হামলা বন্ধ না হবে, ততদিন পর্যন্ত মার্কিন পদক্ষেপ চলতে থাকবে।
বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে হরমুজ প্রণালির গুরুত্ব অনেক বেশি। ফলে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি আন্তর্জাতিক অর্থনীতি ও জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তার আশঙ্কা তৈরি করেছে।
আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।
