ডেস্ক রিপোর্ট ॥ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম থেকে তাৎক্ষণিক স্বস্তি মিলবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কারণ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টির পরও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে।
শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। শুক্রবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ট্রেস পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বিচ্ছিন্ন কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আর্দ্রতা বেশি থাকায় দিনের বেলায় ভ্যাপসা গরম পুরোপুরি কাটার সম্ভাবনা কম।
