ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-পরবর্তী সহিংসতা ও অনিয়মের প্রতিবাদে রাজধানীতে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। নির্বাচন-পরবর্তী সময়ে সারা দেশে সহিংসতা, নির্যাতন, হত্যা ও ধর্ষণের অভিযোগ তুলে তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন এবং দোষীদের বিচারের দাবি তুলবেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনে ভোট হলেও ফল ঘোষণা করা হয়েছে ২৯৭টির। এর মধ্যে জামায়াত নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে জয় পেয়েছে। শরিকদের মধ্যে জামায়াতে ইসলামী ৬৮টি আসন নিয়ে ইতিহাসের সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়লাভ করেছে।
নির্বাচনের পর থেকেই বিভিন্ন এলাকায় হামলা ও সহিংসতার অভিযোগ তোলার পাশাপাশি ভোট কারচুপির অভিযোগও তুলেছে জোটটি। তারা জানিয়েছে, অন্তত ৩০টি আসনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে আইনি লড়াই করবে।
জোটের নেতারা মনে করছেন, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাই জনগণকে সম্পৃক্ত করেই তারা প্রতিবাদ কর্মসূচি পালন করতে চান। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তারা তাদের দাবি তুলে ধরবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
