ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সংবিধান সংস্কার প্রশ্নে অনড় বিরোধী দল, চাপে সরকার

নিজস্ব প্রতিবেদন
সেপ্টেম্বর ২, ২০২৬ ৪:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিকে সামনে রেখে সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই সরকারকে চাপে রাখার কৌশল নিয়েছে বিরোধী দল। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বণ্টন, জুলাই সনদ বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সার-সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের মধ্যে বিরোধ তীব্র হচ্ছে। এরই মধ্যে রাজধানীতে পদযাত্রা করে সংসদের স্পিকারকে স্মারকলিপি দিয়েছে বিরোধী দল। আগামী শনিবার চট্টগ্রাম অভিমুখে লংমার্চের মধ্য দিয়ে নতুন ধারাবাহিক কর্মসূচি শুরু করতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

বিরোধী দলের অভিযোগ, জুলাই সনদ অনুযায়ী সংসদে আসনের অনুপাতে মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রায় ২৬ শতাংশ সভাপতির পদ তাদের পাওয়ার কথা। ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির হিসাবে প্রায় ১০টি এবং সনদে সরাসরি উল্লেখ করা সরকারি হিসাব, বিশেষ অধিকার, অনুমিত হিসাব ও সরকারি প্রতিষ্ঠান কমিটি মিলিয়ে মোট ১৪টি সভাপতির পদ পাওয়ার দাবি রয়েছে তাদের।

তবে সরকার বলছে, জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দল সহযোগিতা না করলে এসব পদ দেওয়ার প্রশ্ন নেই। গত রবিবার সংসদে বিতর্কে সরকারি দলের পক্ষ থেকে জানানো হয়, বিরোধী দল সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিতে প্রতিনিধি দিলে জুলাই সনদের প্রস্তাব অনুযায়ী আরও কমিটির সভাপতি পদ দিতে আপত্তি থাকবে না। বিরোধী দল অবশ্য জানিয়েছে, তারা ওই কমিটিতে যোগ দেবে না।

বিদ্যমান সংবিধান ও কার্যপ্রণালি বিধিতে বিরোধী দলকে সংসদীয় কমিটির সভাপতি করার বাধ্যবাধকতা নেই। অতীতে সংসদীয় রেওয়াজ হিসেবে এ ধরনের পদ বিরোধী দলকে দেওয়া হয়েছে। জুলাই সনদে বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও সনদ অনুযায়ী এখনো সংবিধান সংশোধন হয়নি। ফলে এসব পদ দেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা তৈরি হয়নি।

চলতি ত্রয়োদশ জাতীয় সংসদে বিষয়ভিত্তিক স্থায়ী কমিটি ১১টি এবং মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি ৩৯টি। এখন পর্যন্ত ১৫টি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে শুধু সরকারি হিসাব কমিটির সভাপতি করা হয়েছে বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে।

সংবিধান সংশোধনের লক্ষ্যে গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। বিরোধী দলকে পাঁচজনের নাম দিতে বলা হলেও তারা দেয়নি। দলটির অবস্থান, সংবিধান সংশোধনের পরিবর্তে জুলাই সনদ অনুযায়ী সংস্কার করতে হবে।

রবিবার সংসদে তাহের বলেন, সদস্যসংখ্যা অনুযায়ী সংসদীয় কমিটির সদস্য ও অন্যান্য পদ বণ্টন নিয়ে ঐকমত্য হয়েছিল। সরকারের সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নেওয়া তাদের নীতিগত সিদ্ধান্ত এবং এ জন্য শর্ত দেওয়া ঠিক নয়। চিফ হুইপ নূরুল ইসলাম মনি জবাবে বলেন, জিয়াউর রহমানের সময় সরকারি হিসাব কমিটির সভাপতি বিরোধী দলকে দেওয়া হয়েছিল, এবারও তা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদের জন্য একজনের নাম দিতে বলা হয়েছিল, কিন্তু তারা তা নেয়নি। তাই সরকারি দলের সিদ্ধান্ত, জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন ও সংবিধান সংশোধনের পর আসনের অনুপাতে কমিটির সভাপতি পদ বণ্টন করা হবে।

এদিকে বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদে জনসম্পৃক্ত ইস্যুতে আরও সরব হওয়ার পরিকল্পনা করছেন। চলতি অধিবেশনের প্রথম দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন করেন তারা। স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবকে ঘিরে হইচই ও হট্টগোলে প্রায় ১৪ মিনিট সংসদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। সরকারি দল এ ভূমিকাকে পরিকল্পিত বলে মনে করছে।

রাজপথেও কর্মসূচি বাড়াচ্ছে ১১ দলীয় ঐক্য। আগামী শনিবার চট্টগ্রাম অভিমুখে লংমার্চের পর ১৯ সেপ্টেম্বর রংপুর, ৩১ অক্টোবর খুলনা এবং ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চের কর্মসূচি রয়েছে। প্রাথমিকভাবে চার বিভাগে কর্মসূচি ঘোষণা হলেও সংখ্যা আরও বাড়তে পারে। বিভাগীয় পর্যায়ের লংমার্চ শেষে ঢাকায় মহাসমাবেশ করার পরিকল্পনাও রয়েছে তাদের। ডেপুটি স্পিকার কায়সার কামাল দুই পক্ষকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ এবং প্রয়োজনে শীর্ষ নেতাদের রুদ্ধদ্বার আলোচনার আহ্বান জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।