নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।
ববি ইনকিলাব মঞ্চের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। প্রথমে মানববন্ধন এবং পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধন সঞ্চালনা করেন মো. ফরহাদ হোসাইন। এতে বক্তব্য দেন নিহতের বোন মাসুমা হাদি, মো. বেলাল, আল ইমরান এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ইফতেখার সায়েম।
বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পার হলেও তদন্ত কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি নেই। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
ইফতেখার সায়েম বলেন, আধিপত্যবাদবিরোধী নেতা ওসমান হাদিকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। হত্যার পর অভিযুক্তরা ভারতে পালিয়ে গেছে বলে জানা গেলেও এখনো বিচার হয়নি। তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে সামাজিক অস্থিরতা বাড়বে।
মাসুমা হাদি বলেন, তারা কাঁদতে নয়, বিচার চাইতে এসেছেন। প্রকাশ্যে হত্যার পরও খুনিদের পালিয়ে যাওয়ার ঘটনায় রাষ্ট্রের জবাবদিহি প্রয়োজন।
বক্তারা বলেন, দেশের মানুষ এখন এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দেখতে চায়। বিচার নিশ্চিত না হলে আন্দোলন আরও তীব্র করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
