ডেস্ক রিপোর্ট ॥ নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে সরকার ধাপে ধাপে বেতন বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে। সরকারি সূত্র জানায়, আর্থিক সক্ষমতা বিবেচনায় প্রথম ধাপে আগামী ১ জুলাই থেকে মূল বেতনের প্রায় ৫০% বৃদ্ধি কার্যকর হতে পারে। পরবর্তী দুই বছরে বাকি অংশ সমন্বয় করা হবে।
তবে এই ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ অসন্তোষ প্রকাশ করেছেন। বিভিন্ন কর্মচারী সংগঠন বলছে, বর্তমান উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে পে-স্কেল এক ধাপে শতভাগ বাস্তবায়ন করা উচিত।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বিদ্যমান ২০টি গ্রেড বহাল থাকবে। সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ রয়েছে। একই সঙ্গে পেনশনভোগীদের জন্যও বড় পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে, যেখানে প্রায় ৯ লাখ অবসরপ্রাপ্তকে অন্তর্ভুক্ত করা হবে।
সরকারি কর্মকর্তারা বলছেন, বাজেটে ৩৫ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হচ্ছে, তবে পূর্ণ বাস্তবায়নে এক লাখ কোটি টাকার বেশি প্রয়োজন হবে। এজন্য সরকার ধাপে ধাপে বাস্তবায়নকেই বাস্তবসম্মত সমাধান হিসেবে দেখছে।
অন্যদিকে কর্মচারী সংগঠনগুলো দ্রুত পূর্ণাঙ্গ পে-স্কেল কার্যকরের দাবিতে চাপ অব্যাহত রেখেছে।
