ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় সংসদের সরকারি অর্থ ব্যবস্থাপনা ও জবাবদিহিতা তদারকির অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি ‘সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা-১১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য এবং বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
বুধবার অনুষ্ঠিত জাতীয় সংসদের বৈঠকে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে সংসদের সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি অনুমোদিত হয় এবং নতুন কমিটি গঠন সম্পন্ন হয়।
নবগঠিত কমিটিতে সভাপতির পাশাপাশি বিএনপির ১২ জন এবং জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিএনপির সদস্যরা হলেন— আমানউল্লাহ আমান, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, এ কে এম ফজলুল হক মিলন, মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, এ এম মাহবুব উদ্দিন খোকন, মোহাম্মদ জালালউদ্দিন, মো. মাহবুবুর রহমান, এস কে আজিজুল বারী হেলাল, মোহাম্মদ মনজুরুল ইসলাম, ফজলে হুদা এবং মোহাম্মদ জাকির হোসেন। তারা যথাক্রমে ঢাকা-২, লক্ষ্মীপুর-৪, গাজীপুর-৫, ভোলা-২, নোয়াখালী-১, চাঁদপুর-২, ময়মনসিংহ-৭, খুলনা-৪, দিনাজপুর-১, নওগাঁ-৩ এবং ময়মনসিংহ-৫ আসনের প্রতিনিধিত্ব করছেন।
জামায়াতে ইসলামীর মনোনীত সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবেদিন, চুয়াডাঙ্গা-২ আসনের মো. রুহুল আমিন এবং কুড়িগ্রাম-১ আসনের মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।
সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি বা পিএসি সংসদীয় ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ নজরদারি প্রতিষ্ঠান। এই কমিটি রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করে এবং সরকারি ব্যয়ে অনিয়ম, আপত্তি কিংবা আর্থিক অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কাছ থেকে ব্যাখ্যা গ্রহণ করে। বাজেট পাসের পর সরকারি অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না, নিরীক্ষায় চিহ্নিত অনিয়মের যথাযথ নিষ্পত্তি হচ্ছে কি না এবং সরকারি হিসাবের স্বচ্ছতা বজায় থাকছে কি না— এসব বিষয় তদারকির দায়িত্বও এই কমিটির ওপর ন্যস্ত।
