বিনোদন ডেস্ক ॥ বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনাকে ঘিরে দেওয়া একটি ফেসবুক পোস্টের কারণে আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। তবে অভিনেত্রী জানিয়েছেন, বিষয়টি ছিল পুরোপুরি মজার ছলে দেওয়া একটি মন্তব্য।
রোববার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পরীমনি বলেন, এত মানুষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে নেবেন, তা তিনি ভাবেননি। পোস্টের পর অসংখ্য বিয়ের প্রস্তাব পাচ্ছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, অতীতে কখনো ঘোষণা দিয়ে বিয়ে করেননি। প্রেমের পর হঠাৎ করেই বিয়ে করেছেন। কিন্তু এবার আগেভাগে ঘোষণা দিয়ে যেন নিজেই বিপাকে পড়েছেন। তার ভাষায়, ‘এত এত সিরিয়াস বিয়ের প্রস্তাব আসছে, কিছুই বুঝতে পারছি না কী করব।’
বিয়ে প্রসঙ্গে তিনি আরও বলেন, একজন অভিভাবক ছাড়া বিয়ে করা সম্ভব নয়। বর্তমানে সেই দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। তাই ছেলে বড় হওয়ার পর কিংবা ছেলে যদি অভিভাবকের দায়িত্ব নেয়, তখনই হয়তো আবার বিয়ের কথা ভাববেন।
বিশ্বকাপ ফাইনাল প্রসঙ্গে পরীমনি বলেন, স্পেন দারুণ খেলছে এবং ম্যাচটি কঠিন হবে। তবু তার বিশ্বাস, শেষ পর্যন্ত আর্জেন্টিনাই শিরোপা জিতবে এবং লিওনেল মেসির হাতেই বিশ্বকাপ উঠবে। পাশাপাশি তিনি মেসির গোল্ডেন বুট জয়েরও প্রত্যাশা প্রকাশ করেন।
বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থন বিভিন্ন পোস্টের মাধ্যমে প্রকাশ করেছেন পরীমনি। দলের প্রতিটি জয় উদ্যাপন করেছেন আকাশি-সাদা জার্সি পরে ছবি ও ভিডিও প্রকাশ করে। সেমিফাইনালের আগে দেওয়া ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব’—এই পোস্টটি কয়েক লাখ প্রতিক্রিয়া ও হাজারো শেয়ারের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর তিনি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে নিয়েও একটি রসিকতাপূর্ণ পোস্ট করেন।
এখন ফুটবলপ্রেমীদের পাশাপাশি তার ভক্তদের মধ্যেও প্রশ্ন, আর্জেন্টিনা সত্যিই বিশ্বকাপ জিতলে পরীমনি কি আবার বিয়ের পিঁড়িতে বসবেন?
