ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ইন্টারনেট সংযোগ সচল থাকবে বলে পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, কেউ ইন্টারনেট বন্ধ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ইন্টারনেট ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের পরিকল্পনা হলো নির্বাচনের দিন ইন্টারনেট খোলা থাকবে। কেউ যদি ইন্টারনেট বন্ধ করে, আমরা তাকে আইনের আওতায় আনবো।”
তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে সরকার নিরপেক্ষ ও সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বিষয়ে তিনি মন্তব্য করেন, “এটি একটি বহুল ব্যবহৃত শব্দ। আমরা চেষ্টা করছি নির্বাচন যেন সত্যিকার অর্থেই লেভেল প্লেয়িং ফিল্ডে অনুষ্ঠিত হয়।”
সভায় নির্বাচনী নিরাপত্তা জোরদার, ভোটকেন্দ্রের নিরাপত্তা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের দিন ইন্টারনেট চালু রাখার সিদ্ধান্ত তথ্যপ্রবাহের স্বচ্ছতা নিশ্চিত করবে এবং গুজব প্রতিরোধে সহায়ক হবে। এতে করে ভোটারদের আস্থা বাড়বে এবং নির্বাচনী প্রক্রিয়া আরও বিশ্বাসযোগ্য হবে।
