ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

কথা একটাই, কাজ একটাই—দেশ পুনর্গঠন: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হবে দেশ পুনর্গঠনের নির্বাচন এবং মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। তিনি বলেন, “কথা একটাই, কাজ একটাই—দেশকে পুনর্গঠন করতে হবে। আমাদের সবার প্রথম এবং শেষ ঠিকানা এই বাংলাদেশ।”

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর-১০ সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। ঢাকা-১৫ আসনের ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের পক্ষে আয়োজিত এই পথসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, বিএনপি কখনো এমন প্রতিশ্রুতি দেয় না যা জনগণের সাধ্যের বাইরে। জনগণই রাষ্ট্রক্ষমতার মূল উৎস—এই বিশ্বাস থেকেই বিএনপির রাজনীতি পরিচালিত হয়। তিনি বলেন, “আমরা এমন প্রতিশ্রুতি দিচ্ছি, যা মানুষের পক্ষে বাস্তবায়ন সম্ভব।”

নির্বাচনী পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বিএনপির ইশতেহারে নারীদের ক্ষমতায়ন, ছাত্রসমাজের উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

নারীদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। বিএনপি সরকার গঠন করলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে সরকার সরাসরি সহযোগিতা করবে।

যুবসমাজ ও কর্মসংস্থান বিষয়ে তিনি বলেন, দেশের প্রতিটি এলাকায় একটি করে ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তোলা হবে। সেখানে ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা নিজেরা ব্যবসা করতে পারবে কিংবা বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে।

বিদেশগামী শ্রমিকদের বিষয়ে তিনি বলেন, চাকরি নিয়ে বিদেশ যেতে গিয়ে যেন কাউকে জমি বিক্রি করতে না হয়—সে জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে। কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। এজন্য কৃষি কার্ড চালু করা হবে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।

স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কেয়ার কর্মী নিয়োগ দেওয়া হবে। ঢাকা-১৫ এলাকায় একটি হাসপাতাল স্থাপন এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ১০০ ফিট রাস্তার কাজ দ্রুত শুরু করা হবে।

তিনি বলেন, জুলাই আন্দোলনে আহত ও শহীদদের আত্মত্যাগ স্মরণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।