রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ৭ নম্বর ফেরিঘাট এলাকায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস পদ্মা নদীতে পড়ে যায়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাসটি ফেরিঘাটের পন্টুন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে ঘাট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই নৌ-পুলিশ, ঘাট কর্তৃপক্ষ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় বাসে খুব বেশি যাত্রী ছিলেন না অথবা অধিকাংশ যাত্রী আগেই নেমে গিয়েছিলেন।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, বাসটি কীভাবে নদীতে পড়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে। একই সঙ্গে বাসে যাত্রী ছিল কিনা তাও যাচাই করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন ঘটনাস্থলে যাওয়ার কথা জানান। তিনি বলেন, সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পল্টুনে ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের একটি বাস নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। মাত্র কয়েক মাসের ব্যবধানে একই ঘাটে দ্বিতীয়বার বাস নদীতে পড়ার ঘটনায় যাত্রী নিরাপত্তা ও ঘাট ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
