ডেস্ক রিপোর্ট ॥ রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান গুজবকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, গুজব নয়, দায়িত্বশীল আচরণই বর্তমান সময়ের প্রয়োজন।
তিনি বলেন, বিশ্বজুড়ে গণতন্ত্র বিভিন্ন সংকটের মুখে রয়েছে। তবে বাংলাদেশে বর্তমান সরকার গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং জনগণের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করছে।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে চলমান বিভিন্ন যুদ্ধ ও সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই সরকারের লক্ষ্য।
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজব ছড়ানোর পরিবর্তে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সবাইকে সচেতন থাকতে হবে।
