আন্তর্জাতিক ডেস্ক ॥ ভারতে প্রশ্নফাঁস ইস্যুতে চলমান বিক্ষোভের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন, প্রশ্নফাঁসের মতো অপরাধ দমনে সরকার দ্রুত নতুন আইন প্রণয়নের পথে এগোচ্ছে এবং এ বিষয়ে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে খসড়া বিল উত্থাপন করা হবে।
প্রধানমন্ত্রী জানান, নতুন আইনে ফাস্ট-ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। পাশাপাশি প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর সংসদের চলতি অধিবেশনের দ্বিতীয় সপ্তাহেই বিলটি পাসের উদ্যোগ নেওয়া হবে।
ভিডিও বার্তায় নরেন্দ্র মোদি বলেন, প্রশ্নফাঁসের ঘটনা কেবল একটি অপরাধ নয়, এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের স্বপ্নকে ক্ষতিগ্রস্ত করে। তিনি জানান, গত আড়াই মাসে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলছে।
তিনি বলেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। সেই লক্ষ্যেই অল্প সময়ের মধ্যে প্রায় ২২ লাখ পরীক্ষার্থীর পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং ফলাফল প্রকাশ করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার শুধু গ্রেপ্তারেই সীমাবদ্ধ থাকছে না। সংশ্লিষ্ট বিভাগকে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে এবং রাতভর কাজ করে নতুন আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে। এতে দ্রুত বিচার ও কঠোর শাস্তির বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।
মোদি বলেন, মন্ত্রিসভার সদস্যদের মতামত যুক্ত করে বিলটির চূড়ান্ত রূপ দেওয়া হবে। এরপর সংসদে তা দ্রুত পাসের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।
এর আগে বৃহস্পতিবার সকালে প্রথমবারের মতো প্রকাশ্যে প্রশ্নফাঁসের বিষয়ে বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী একই ধরনের কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছিলেন।
