স্পোর্টস ডেস্ক ॥ সমর্থকদের ভোটের ভিত্তিতে ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। ঘোষিত ‘টিম অব দ্য টুর্নামেন্ট’-এ তিনজন করে ফুটবলার নিয়ে আধিপত্য দেখিয়েছে স্পেন ও ফ্রান্স। রানার্সআপ আর্জেন্টিনা থেকে রয়েছেন দুইজন, আর ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দে থেকে একজন করে খেলোয়াড় জায়গা পেয়েছেন। তবে ব্রাজিলের কোনো ফুটবলার সেরা একাদশে স্থান পাননি। একই সঙ্গে জায়গা হয়নি স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের।
ফিফা ৪-৩-৩ ছকে দলটি সাজিয়েছে। গোলবারের নিচে রয়েছেন কেপ ভার্দের ভোজিনিয়া। অভিষেক বিশ্বকাপেই অসাধারণ পারফরম্যান্স করে তিনি সমর্থকদের ভোটে সর্বোচ্চ ৩৯ দশমিক ৬ শতাংশ ভোট অর্জন করেন।
রক্ষণভাগে নির্বাচিত হয়েছেন পেদ্রো পোরো ও মার্ক কুকুরেয়া (স্পেন), দায়ো উপামেকানো (ফ্রান্স) এবং লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা)। কুকুরেয়া পুরো আসরে একটি মিনিটও মাঠের বাইরে না থেকে দুটি অ্যাসিস্ট করেন। স্পেন মাত্র একটি গোল হজম করে সাতটি ক্লিন শিট রেখে বিশ্বকাপ জেতে।
মাঝমাঠে আছেন রদ্রি, মাইকেল ওলিসে ও জুড বেলিংহ্যাম। রদ্রি জিতেছেন গোল্ডেন বল, ওলিসে করেছেন সাতটি অ্যাসিস্ট এবং বেলিংহ্যাম করেছেন সাত গোল।
আক্রমণভাগে জায়গা পেয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। এমবাপ্পে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট করে গোল্ডেন বুট জেতার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন। মেসি ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেওয়া নরওয়ের হয়ে সাত গোল করে সেরা একাদশে স্থান করে নিয়েছেন হালান্ড।
ফিফার বিশ্বকাপ সেরা একাদশ:
গোলরক্ষক: ভোজিনিয়া (কেপ ভার্দে)
রক্ষণভাগ: পেদ্রো পোরো (স্পেন), দায়ো উপামেকানো (ফ্রান্স), লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা), মার্ক কুকুরেয়া (স্পেন)
মাঝমাঠ: রদ্রি (স্পেন), মাইকেল ওলিসে (ফ্রান্স), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড)
আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা), আর্লিং হালান্ড (নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
