আন্তর্জাতিক ডেস্ক ॥ আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনা ও নিরাপত্তা সংকট নিরসনের লক্ষ্যে মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় সরাসরি বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রকাশিত এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, পারস্য উপসাগরে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা বন্ধ এবং ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযান সমাপ্ত করার বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে ওয়াশিংটন ও তেহরান। এর ফলে হরমুজ প্রণালির নিরাপত্তা ও জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নতুন করে আলোচনার পরিবেশ তৈরি হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দোহায় অনুষ্ঠেয় এই বৈঠককে পারমাণবিক কর্মসূচি নিয়ে নির্ধারিত আলোচনার চেয়েও বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। হরমুজ প্রণালির বিরোধ নিষ্পত্তির আগে পারমাণবিক বিষয়ক আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে উভয় দেশ।
বর্তমান সংকটের পেছনে হরমুজ প্রণালি পরিচালনা-সংক্রান্ত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদের ভিন্ন ব্যাখ্যাকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে সমুদ্রে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে মার্কিন সামরিক বাহিনী ও ইরানের বিপ্লবী গার্ডের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা বা হটলাইন চালুর পরিকল্পনা দীর্ঘদিন বাস্তবায়িত না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
পর্যবেক্ষকদের মতে, দোহার বৈঠক সফল হলে শুধু হরমুজ প্রণালির নিরাপত্তাই নয়, বরং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আলোচনার ফলাফলের ওপর ভবিষ্যৎ পারমাণবিক সংলাপ এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার অনেকটাই নির্ভর করবে বলে ধারণা করা হচ্ছে। এ তথ্য প্রকাশ করেছে এক্সিওস; সূত্র হিসেবে মিডল ইস্ট আইয়ের তথ্যও উল্লেখ করা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
