পটুয়াখালী প্রতিনিধি ॥ দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন ও ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ নিশ্চিত করার দাবিতে কুয়াকাটা-ভাঙ্গা মহাসড়কে দুই ঘণ্টাব্যাপী বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পায়রা বন্দরের ছয় লেন সড়ক পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিএনপি, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কলাপাড়া প্রেসক্লাব, কুয়াকাটা শিল্পী গোষ্ঠী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন অংশ নেয়। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা এবং দক্ষিণাঞ্চলের মানুষের রাজধানীর সঙ্গে যোগাযোগের প্রধান সড়ক ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক বর্তমানে যানজট ও দুর্ঘটনার কারণে জনদুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। তাই দ্রুত এটি ছয় লেনে উন্নীত করা জরুরি।
তারা আরও বলেন, কুয়াকাটায় বর্তমানে তিন তারকা মানের হোটেলসহ তিন শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট গড়ে উঠেছে এবং এতে হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে। এসব বিনিয়োগের নিরাপত্তা ও পরিকল্পিত নগর উন্নয়নের জন্য কুয়াকাটাকে উপজেলায় উন্নীত করা এবং কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন সময়ের দাবি।
মানববন্ধন থেকে ৯ দফা দাবির মধ্যে কুয়াকাটা-ভাঙ্গা ছয় লেন সড়ক, পায়রা বন্দর পূর্ণাঙ্গ চালু, কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণ, শের-ই-বাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত রেললাইন, বরিশাল-ভোলা সেতু, নদীভাঙন প্রতিরোধে স্থায়ী বেড়িবাঁধ এবং ভোলার গ্যাস ব্যবহার করে শিল্পাঞ্চল গড়ে তোলার দাবি জানানো হয়।
বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, এসব দাবি বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের পর্যটন, যোগাযোগ, শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন নতুন গতি পাবে।
