ডেস্ক রিপোর্ট ॥ প্রাথমিক শিক্ষার উন্নয়ন, নারী শিক্ষার বিস্তার এবং শিশুদের মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একাধিক নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা, ভালো ফল করা ছাত্রীদের বৃত্তি প্রদান, সব শিক্ষার্থীকে নতুন স্কুল পোশাক দেওয়া এবং বিদ্যালয়ে উন্নত মধ্যাহ্নভোজ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে আয়োজন করে। এ সময় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার শিক্ষাক্ষেত্রে অবদান নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, শিশুদের মানুষ গড়ার মূল দায়িত্ব শিক্ষকদের। তাই তাদের এমনভাবে শিক্ষা দিতে হবে, যাতে তারা মানুষ, পশুপাখি ও প্রকৃতির প্রতি সহানুভূতিশীল হয়ে বেড়ে ওঠে। তিনি বলেন, মানবিক মানুষই মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারে।
শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী প্রতি বছর বর্ষাকালে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, গাছ বড় হবে, শিশুরাও বড় হবে, আর গাছই হবে তাদের প্রকৃত বন্ধু।
পরে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির উদ্বোধন করে একটি বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর স্থাপিত বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং শিশুদের নিজেদের বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও ছোট ছোট কাজের মাধ্যমে একে অপরকে সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সেরা শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক এবং বিশেষ অবদান রাখা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পদক দেওয়া হয়। এছাড়া ‘মোবাইল শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ সহায়ক’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা এবং শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী অতিথি সারিতে বসে পুরো অনুষ্ঠান উপভোগ করেন।
