ডেস্ক রিপোর্ট ॥ দীর্ঘ এক দশকের বেশি সময় পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ মূল্যায়নের কাজ প্রায় শেষ হয়েছে এবং আগামী আগস্টের প্রথম সপ্তাহে গেজেট প্রকাশের লক্ষ্যে প্রস্তুতি চলছে। নতুন কাঠামোয় সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত মূল বেতন বৃদ্ধির প্রস্তাব আলোচনায় রয়েছে।
বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা কমিটির ষষ্ঠ সভায় কমিশনের সুপারিশ, অষ্টম বেতনকাঠামোর সীমাবদ্ধতা এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, আরও দুই থেকে তিনটি বৈঠকের পর সুপারিশ চূড়ান্ত করে মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে।
২০১৫ সালের অষ্টম বেতনকাঠামো ঘোষণার সময় সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ে অসন্তোষ সৃষ্টি হয়েছিল। বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনসংক্রান্ত জটিলতা পরে আলাদা কমিটির মাধ্যমে সমাধান করতে হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার কোনো ধরনের বৈষম্য বা অসন্তোষ এড়াতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে পর্যালোচনা কমিটি। গোপনীয়তা বজায় রাখতে সভার আলোচ্যসূচিও আগে থেকে নির্ধারণ করা হচ্ছে না।
আন্তমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মো. নজরুল ইসলাম বলেন, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় দ্রুত নতুন বেতনকাঠামো ঘোষণা করা প্রয়োজন। দীর্ঘদিন একই বেতনকাঠামো কার্যকর থাকায় অনেক কর্মকর্তা-কর্মচারী গ্রেডের সর্বোচ্চ ধাপে পৌঁছে বার্ষিক বেতন বৃদ্ধি থেকে বঞ্চিত হচ্ছেন। নতুন কাঠামোয় বার্ষিক বেতন বৃদ্ধির ধাপ বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশন গত ২১ জানুয়ারি প্রতিবেদন জমা দেয়। নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর ৮ ফেব্রুয়ারি ওই প্রতিবেদন মূল্যায়নের জন্য বর্তমান পর্যালোচনা কমিটি গঠন করে। সরকার এবার এক বছরেরও কম সময়ে পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্যে কাজ করছে।
