ঢাকাবুধবার , ৫ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রাজাপুরে চোরের আঙুল কামড়ে প্রতিরোধ গড়লেন সাহসী গৃহবধূ

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ৫, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলায় চুরির ঘটনায় এক গৃহবধূর সাহসিকতা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। গভীর রাতে ঘরে ঢোকা চোরের সঙ্গে ধস্তাধস্তির সময় তিনি চোরের আঙুল কামড়ে ধরলে আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে চোরের সহযোগীরা তাকে নিয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থলে বিচ্ছিন্ন আঙুলের অংশ পড়ে থাকে। তবে পালানোর সময় চোরের দল ঘর থেকে দুটি মোবাইল ফোন নিয়ে যায়।

বুধবার গভীর রাতে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ডহরশংকর গ্রামের খলিফা বাড়িতে সৌদি প্রবাসী জুয়েল খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন বিশ্বাস।

পারিবারিক সূত্র জানায়, গৃহবধূ মোসা. ঝুমুর বেগম রাতের খাবার শেষে নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। তার ছেলে নাহিদুজ্জামান নোমান, মেয়ে নাফিসা এবং শাশুড়ি হাসিনা বেগম পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত প্রায় ২টা ৪০ মিনিটে শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। ঘরের ভেতরে একজন চোর দেখতে পেয়ে তিনি চিৎকার দিলে চোর তার মুখ চেপে ধরে। এরপর শুরু হয় ধস্তাধস্তি। আত্মরক্ষার একপর্যায়ে চোরের একটি আঙুল তার মুখে চলে এলে তিনি সেটি জোরে কামড়ে ধরেন। এতে আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

পুলিশ জানায়, পরে চোর প্রাণনাশের হুমকি দিয়ে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। বাইরে আগে থেকেই থাকা সহযোগীদের সহায়তায় সে পালিয়ে যায়। যাওয়ার সময় ঘরের দুটি মোবাইল ফোন নিয়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার আলামত সংগ্রহের পাশাপাশি প্রাথমিক তদন্ত শুরু করে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় সম্প্রতি চুরি ও চুরির চেষ্টার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা নিয়মিত পুলিশি টহল ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন বিশ্বাস বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।