ঢাকাবুধবার , ৫ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ৫, ২০২৬ ৬:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাষ্ট্রীয় মর্যাদায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। বুধবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। একই সঙ্গে দেশের ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।

সরকারি কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেন। পরে সকাল ১১টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

সরকারের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, দিবসটি উপলক্ষে সংবাদপত্রে বিশেষ নিবন্ধ, সাহিত্য ও ক্রোড়পত্র প্রকাশ করা হচ্ছে। গত ৩০ জুলাই তথ্য ভবনে জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে দেশের প্রতিটি জেলায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং স্মরণমূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে। ঢাকাসহ সব সিটি করপোরেশনে জুলাই আন্দোলনের দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠান প্রচার চলছে।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিদেশে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা, স্মৃতিস্তম্ভে আলোকসজ্জা, স্মারক ডাকটিকিট প্রকাশ, সরকারি-বেসরকারি জাদুঘর ও শিশুদের জন্য বিনোদনকেন্দ্র বিনা টিকিটে উন্মুক্ত রাখা এবং হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।