ডেস্ক রিপোর্ট ॥ নবম জাতীয় পে স্কেল ২০২৬ বাস্তবায়নে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন কাঠামো অনুযায়ী ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতনকাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
পে স্কেল বাস্তবায়নের প্রশাসনিক প্রস্তুতির অংশ হিসেবে সাতটি পৃথক বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (এসআরও) জারি করা হবে। বেসামরিক প্রশাসন, পুলিশ, বিজিবি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সশস্ত্র বাহিনী এবং বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক এসআরওতে বেতন-ভাতা ও সংশ্লিষ্ট বিধান নির্ধারণ করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পে স্কেলের প্রজ্ঞাপনের খসড়া বর্তমানে আইন মন্ত্রণালয়ে আইনগত পরীক্ষা-নিরীক্ষার জন্য রয়েছে। ভেটিং সম্পন্ন হওয়ার পর প্রজ্ঞাপন জারি করা হবে। এরপর বাস্তবায়নের পরবর্তী কার্যক্রম দ্রুত শুরু হবে।
এদিকে বেতন নির্ধারণের প্রচলিত পদ্ধতির পরিবর্তে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। চাকরিজীবীদের পদ, গ্রেড, বর্তমান বেতন, যোগদানের তারিখ, বার্ষিক বেতন বৃদ্ধি, পদোন্নতি ও উচ্চতর গ্রেডের তথ্য সফটওয়্যারে যুক্ত করা হবে। তথ্য যাচাইয়ের পর আইবাস প্লাস প্লাস নতুন কাঠামো অনুযায়ী মূল বেতন ও প্রযোজ্য ভাতা হিসাব করবে।
অর্থ বিভাগের কর্মকর্তা জানান, বিভিন্ন শ্রেণির চাকরিজীবীর প্রশাসনিক ও কারিগরি পার্থক্য বিবেচনায় নিয়ে এসআরও প্রস্তুত করা হচ্ছে। প্রজ্ঞাপন জারির পর সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের বিষয়গুলো আরও স্পষ্ট করা হবে।
