ডেস্ক রিপোর্ট ॥ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আগামী ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অনুষ্ঠেয় এই ভাষণের মধ্য দিয়ে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে বক্তব্য দেবেন তিনি। তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর আগে একই আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য দিয়েছেন।
১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে প্রথমবার বক্তব্য দেন জিয়াউর রহমান। তাঁর ভাষণে ধনী ও দরিদ্র দেশের বৈষম্য, দারিদ্র্য, ক্ষুধা ও অর্থনৈতিক উন্নয়নের বিষয় গুরুত্ব পায়। আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বানের পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতি থাকার পরও দারিদ্র্য ও ক্ষুধা অব্যাহত থাকার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শান্তি, মানবিক মর্যাদা, ন্যায়বিচার এবং পারস্পরিক দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্ব গঠনের কথাও বলেন তিনি।
১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে প্রথম ভাষণ দেন খালেদা জিয়া। এরপর ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক সভা, ২০০২ সালে শিশুবিষয়ক ২৭তম বিশেষ অধিবেশন এবং ২০০৫ সালে ৬০তম অধিবেশনের দুটি পৃথক সভায় তিনি বক্তব্য দেন। জাতিসংঘের নথি অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত সাধারণ পরিষদের কার্যক্রমে তাঁর অংশগ্রহণ ছিল মোট পাঁচবার।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ২১ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। তাঁর ভাষণে জলবায়ু পরিবর্তন বিশেষ গুরুত্ব পাবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এতে গণতান্ত্রিক রূপান্তর, উন্নয়ন অগ্রাধিকার, বৈশ্বিক শান্তি, আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধান, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক সম্ভাবনা, জলবায়ু মোকাবিলা ও জলবায়ু অর্থায়নের বিষয় থাকবে। রোহিঙ্গা সংকটও সফরের প্রধান অগ্রাধিকারগুলোর একটি।
এবারের অধিবেশনে বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের সূচি অনুযায়ী সাধারণ বিতর্ক ২২–২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
সূত্র: বাসস
