ডেস্ক রিপোর্ট ॥ রংপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দৃঢ় আশ্বাস দেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এই সভায় নির্বাচনকালীন নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটকেন্দ্রের সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচন নিয়ে কোনো ধরনের কারচুপির আশঙ্কা নেই। আমরা পুরোপুরি প্রস্তুত। নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে।” তিনি আরও বলেন, “গণমাধ্যম যদি কোথাও কোনো অনিয়ম বা কারচুপি দেখতে পান, আমাদের জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।”
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনকে প্রভাবিত করবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকের সভায় সে বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে। আমাদের লক্ষ্য একটি ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন।”
এই মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ পুলিশের বিভিন্ন ইউনিট ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
