ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পাঁচ নেতাকর্মীর বিএনপিতে যোগদানকে ঘিরে। জামায়াতের সঙ্গে এনসিপির জোট সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারা বিএনপিতে যোগ দেন। ঝালকাঠি-২ আসনের বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সভায় এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবযোগদানকারীদের মধ্যে নেতৃত্ব দেন আজাদ রহমান, যিনি সদর উপজেলা এনসিপির সমন্বয়কের দায়িত্বে ছিলেন। বিএনপিতে যোগদানকালে তারা জানান, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর তরুণদের নেতৃত্বে গঠিত এনসিপিকে তারা একটি নতুন ধারার রাজনীতি হিসেবে দেখেছিলেন। পরিবর্তন ও সংস্কারের আশায় তারা দলটিতে যুক্ত হন। কিন্তু স্বাধীনতাবিরোধী হিসেবে পরিচিত জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির ঐক্য তাদের সেই প্রত্যাশাকে ভেঙে দিয়েছে।
আজাদ রহমান বলেন, তিনি টানা এক যুগেরও বেশি সময় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং ২০২১ সালে দলটি থেকে পদত্যাগ করেন। তিনি বলেন, “আমি ভেবেছিলাম এনসিপি হবে একটি বিপ্লবী ও গণমুখী দল। কিন্তু জামায়াতের সঙ্গে জোট করায় সেখানে থাকা আমার পক্ষে নৈতিকভাবে সম্ভব হয়নি। তাই বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
এ বিষয়ে ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না ভিন্ন বক্তব্য দেন। তিনি জানান, আজাদ রহমানকে গত বছরের ১৩ জুলাই দলীয় সব কার্যক্রম থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় তার বিরুদ্ধে দলে ব্যাপক সমালোচনা ছিল বলে তিনি উল্লেখ করেন। তবে আজাদ রহমান এখনো জেলা বা কেন্দ্রীয় কমিটির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেননি বলেও জানান তিনি।
মাইনুল ইসলাম মান্না আরও বলেন, বর্তমানে জেলা পর্যায়ে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং ধাপে ধাপে অন্যান্য ইউনিটের কমিটি গঠন করা হবে।
বিএনপিতে যোগদানকারী অপর চারজন হলেন—আব্বাস আলী খান, মোতালেব, নান্নু শিকদার ও অসীম পাল।
