আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানে ব্যয়ের পরিমাণ দ্রুত বাড়ছে। যুদ্ধ শুরুর প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্র প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার ব্যয় করেছে বলে এক বিশ্লেষণে জানানো হয়েছে।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিস প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে প্রায় ৮৯১ দশমিক ৪ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, সংঘাতের প্রাথমিক পর্যায়ে সাধারণত সবচেয়ে উন্নত প্রযুক্তির এবং অত্যন্ত ব্যয়বহুল অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করা হয়। এ কারণে যুদ্ধের শুরুতেই ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি হয়ে থাকে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান এই সংঘাত কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।
এ অবস্থায় যুদ্ধ দীর্ঘ হলে সামরিক ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, তখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরকে বর্তমান বাজেটের বাইরে গিয়ে অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন হতে পারে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধের সময়কাল বাড়লে যুক্তরাষ্ট্রের সামরিক অর্থনৈতিক চাপও বাড়বে।
সূত্র: মিডল ইস্ট আই।
