পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের কাউখালী উপজেলায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করছে। কম খরচে বেশি লাভের সম্ভাবনা এবং ভোজ্যতেলের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে কৃষকরা দিন দিন সরিষা চাষের দিকে ঝুঁকছেন।
উপজেলার বিভিন্ন মাঠে এখন চোখে পড়ছে দিগন্তজোড়া হলুদ সরিষা ফুল। এসব ফুলে ভরে উঠেছে পুরো মাঠ, যা স্থানীয় কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। কৃষি বিভাগের পরামর্শ, উন্নত জাতের বীজ এবং অনুকূল আবহাওয়ার কারণে এ বছর সরিষার উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কাউখালী উপজেলার পাঁচটি ইউনিয়নে প্রায় ৬৮ হেক্টর জমিতে সরিষা আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের সরিষার বীজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ‘বিনা সরিষা ৯’ ও ‘বিনা সরিষা ১১’ জাতের আবাদ বেশি হয়েছে।
সদর ইউনিয়নের কেউন্দ্রিয়া গ্রামের কৃষক মো. মামুন বলেন, বাজারে ভোজ্যতেলের দাম বেশি থাকায় নিজেদের চাহিদা পূরণ এবং বিক্রির জন্য তিনি ৩৩ শতাংশ জমিতে ‘বিনা সরিষা ১১’ জাতের সরিষা আবাদ করেছেন। তিনি আশা করছেন, ফলন ভালো হওয়ায় এ বছর লাভও বেশি হবে।
অন্যদিকে হোগলা গ্রামের কৃষক লাকি হাওলাদার জানান, অনুকূল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে সরিষার ফলন গত বছরের তুলনায় আরও বেশি হতে পারে বলে তিনি মনে করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন, এ বছর কাউখালী উপজেলায় মোট ৬৬ হেক্টর জমিতে ‘বিনা সরিষা ৯’ ও ‘বিনা সরিষা ১১’ জাতের সরিষা আবাদ হয়েছে। এসব জমি থেকে প্রায় ১২০ মেট্রিক টন সরিষা উৎপাদিত হয়েছে। এই উৎপাদন থেকে প্রায় ৫০ মেট্রিক টন ভোজ্যতেল পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
