ডেস্ক রিপোর্ট ॥ ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করতে টেলিকম ও আইসিটি খাতে বড় ধরনের সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা নিয়েছে সরকার। এর মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট, আধুনিক নেটওয়ার্ক এবং বৈশ্বিক মানের ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় বলেন, আইসিটি খাতকে থ্রাস্ট সেক্টর হিসেবে গড়ে তুলতে সরকার ব্যাপক টেলিকম সংস্কার পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি জানান, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা নিশ্চিত করতে পর্যাপ্ত স্পেকট্রাম ও ফাইবার বেইজড কানেক্টিভিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য অর্জনে নীতি সংস্কার এবং অবকাঠামো উন্নয়ন একসঙ্গে এগিয়ে নেওয়া হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে ন্যাশনাল ফাইবার ব্যাংক স্থাপন করা হচ্ছে। পাশাপাশি নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে ডিজিটাল সংযোগ আরও বিস্তৃত করা হবে।
ইতোমধ্যে ট্রেন ও বিমানবন্দরে উচ্চগতির ফ্রি ইন্টারনেট চালু করা হয়েছে, যা সাধারণ মানুষ ব্যবহার করছে বলে বাজেটে উল্লেখ করা হয়।
সরকার মনে করছে, আইসিটি খাতের উন্নয়ন ঘটলে আগামী দিনে বাংলাদেশ একটি শক্তিশালী ডিজিটাল অর্থনীতির দিকে অগ্রসর হবে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যবসায়িক পরিবেশ আরও সহজ হবে।
বাজেটের লক্ষ্য অনুযায়ী, এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে সরকার আশা প্রকাশ করেছে।
