ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

চীনা শিল্পাঞ্চল, নদী উন্নয়ন ও শিক্ষা খাতে বড় উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন
জুন ১৬, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ দেশের অর্থনৈতিক, অবকাঠামোগত ও শিক্ষাখাতের উন্নয়ন ত্বরান্বিত করতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা।

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্প। এছাড়া ফেনী জেলার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসনের প্রথম পর্যায়, করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প, কুষ্টিয়ার মিরপুর ও কুমারখালী এলাকার নদীভাঙন প্রতিরোধে পদ্মা নদী তীররক্ষা প্রকল্পের প্রথম সংশোধিত সংস্করণ এবং ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের তৃতীয় সংশোধিত সংস্করণ অনুমোদন পেয়েছে।

প্রকল্পগুলোর অর্থায়নের মধ্যে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। বাকি ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা প্রকল্প ঋণ হিসেবে পাওয়া যাবে। অনুমোদিত প্রকল্পের মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।

এছাড়া পরিকল্পনামন্ত্রী সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের চারটি প্রকল্প সম্পর্কে সদস্যদের অবহিত করেন। এগুলো হলো কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটিতে বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ, নৌবাহিনী স্কুল ও কলেজ সাভার স্থাপন, শমসেরনগরে বিমান বাহিনীর শিক্ষা অবকাঠামো উন্নয়ন এবং প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও ক্রিপিটক শিক্ষা কার্যক্রমের চতুর্থ পর্যায়।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ মন্ত্রিসভার সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।