ডেস্ক রিপোর্ট ॥ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ স্মরণসভায় শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের যোদ্ধা এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। স্মরণসভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন। তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং স্মরণসভার বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত নয় দিনের কর্মসূচির বিষয়ে আয়োজকরা বিস্তারিত তুলে ধরেন। বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল বৃহস্পতিবার এ কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শুরু হবে। পরে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালনের পর আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটবে।
ঘোষণা অনুযায়ী, ওই ছাত্র সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। আয়োজকদের মতে, দ্বিতীয় বর্ষপূর্তির এসব কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
