ডেস্ক রিপোর্ট ॥ দেশের কিশোর-কিশোরীদের মধ্য থেকে ভবিষ্যতের ক্রীড়া তারকা খুঁজে বের করার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় চূড়ান্ত পর্ব। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে এই আয়োজনের। উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
১০ থেকে ১৪ বছর বয়সী প্রতিযোগীদের নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টস—মোট আটটি ডিসিপ্লিনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনেই সাঁতারের পাশাপাশি কাবাডি ও ক্রিকেটের খেলাও অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স এবং বাংলাদেশ দাবা ফেডারেশন প্রাঙ্গণ।
আগামী ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান পুরস্কার তুলে দেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
এরই মধ্যে সোমবার ক্রিকেট ইভেন্ট দিয়ে প্রতিযোগিতার মাঠের কার্যক্রম শুরু হয়েছে। বৃষ্টির কারণে কোনো ম্যাচ মাঠে অনুষ্ঠিত না হওয়ায় টসের মাধ্যমে ফল নির্ধারণ করা হয়। বালক বিভাগে চট্টগ্রাম অঞ্চলকে হারিয়ে রংপুর এবং খুলনা অঞ্চলকে হারিয়ে ঢাকা অঞ্চল কোয়ার্টার ফাইনালে উঠেছে।
বালিকা বিভাগেও একই পদ্ধতিতে চট্টগ্রাম অঞ্চল রংপুরকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। আগামী ২২ জুলাই কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে সিলেট অঞ্চল।
