ডেস্ক রিপোর্ট ॥ এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি পরিবর্তনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে ওই বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত জরুরি গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি’র নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের জুলাই মাসের ২৭ তারিখ থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এই তথ্য সম্পূর্ণ অসত্য এবং এর সঙ্গে কোনো শিক্ষা বোর্ড বা আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো সম্পর্ক নেই।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানায়, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সাধারণ জনগণকে এ ধরনের ভুয়া তথ্য বিশ্বাস বা প্রচার না করার জন্য অনুরোধ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা সংক্রান্ত সব ধরনের সিদ্ধান্ত, সময়সূচি, বিজ্ঞপ্তি ও নির্দেশনা কেবল শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর সরকারি ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
জনস্বার্থে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি যেকোনো তথ্য গ্রহণের আগে সরকারি সূত্রে যাচাই করার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
