ডেস্ক রিপোর্ট ॥ দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সাইবার নিরাপত্তাবিষয়ক দক্ষতা বাড়াতে অনলাইন প্রশিক্ষণ কোর্স বাধ্যতামূলক করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষককে নির্ধারিত কোর্স সম্পন্ন করে সনদ ডাউনলোড করতে হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাউশির প্রশিক্ষণ শাখা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে ইউনিসেফের কারিগরি সহায়তায় অনলাইন শিক্ষক প্রশিক্ষণ কোর্সটি চালু করা হয়েছে।
মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষককে নির্ধারিত সময়ের মধ্যে প্রশিক্ষণ শেষ করতে হবে। মাউশির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কোর্সটি সম্পন্ন করা যাবে। প্ল্যাটফর্মে নিবন্ধন বা প্রবেশের জন্য শিক্ষকদের নিজ নিজ পিডিএস পরিচিতি ব্যবহার করতে হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নির্ধারিত লিংক হলো https://itlms.naem.gov.bd/my/scorm-courses। অনলাইন কোর্সটিতে মোট ছয়টি পাঠ রাখা হয়েছে। ষষ্ঠ পাঠে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি শ্রেণি কার্যক্রম পরিচালনা করা বাধ্যতামূলক। শ্রেণি কার্যক্রম শেষে ছবি বা ভিডিও নির্ধারিত মাধ্যমে জমা দিতে হবে। এ কার্যক্রম কীভাবে সম্পন্ন ও জমা দিতে হবে, তার বিস্তারিত নির্দেশনা অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে।
ছয়টি পাঠ এবং নির্ধারিত শ্রেণি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করলেই শিক্ষকরা অনলাইন থেকে প্রশিক্ষণের সনদ সংগ্রহ করতে পারবেন। সনদটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালকদের স্বাক্ষরিত হবে।
মাউশি নির্ধারিত সময়ের মধ্যে প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করার জন্য মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে নির্দেশ দিয়েছে। ফলে শিক্ষকেদের সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষতা বাড়ানোর পাশাপাশি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বাস্তবভিত্তিক কার্যক্রম পরিচালনার সুযোগও তৈরি হবে।
