ডেস্ক রিপোর্ট ॥ সরকার ২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি পৃথক হজ প্যাকেজ নির্ধারণ করেছে। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের পর মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) প্যাকেজ দুটি ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, ‘হজ প্যাকেজ-১’-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মদিনায় মারকাজিয়া এলাকায় থাকার সুযোগ দেওয়া হবে। মিনায় জোন-২-এ তাঁবুর ব্যবস্থা এবং মিনা-আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। সৌদি আরবে অবস্থানের সম্ভাব্য সময় হবে ৩৫ থেকে ৪০ দিন।
অন্যদিকে, ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরীফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫-এ তাঁবুর ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের নীতিমালা অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে।
ধর্মমন্ত্রী জানান, অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে হজযাত্রীরা রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধাও গ্রহণ করতে পারবেন।
