ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

স্থানীয় নির্বাচনের প্রস্তুতিতে তৃণমূলে ঐক্যের নির্দেশ দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদন
জুলাই ২৬, ২০২৬ ৫:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে বিএনপি। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় নেতাদের নির্দেশ দিয়েছেন, আসন্ন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে, তাই ক্ষমতাসীন দলের পরিচয়ে কোনো বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ থাকবে না। জনগণের আস্থা অর্জনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে ঐক্য বজায় রেখে একক প্রার্থী নির্ধারণের ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন।

শনিবার গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর জেলা ও মহানগরের নেতারা অংশ নেন। সভায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে রুহুল কবীর রিজভী, আসাদুল হাবীব দুলু, আবদুল খালেক, শামীম কায়সার লিংকনসহ সংশ্লিষ্ট জেলার নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জাতীয় কাউন্সিলের আগে জেলার সাংগঠনিক অবস্থা পর্যালোচনা এবং তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যেই ধারাবাহিকভাবে এসব সভা হচ্ছে। সরকার পরিচালনার ব্যস্ততার মধ্যেও তারেক রহমান সাংগঠনিক কার্যক্রমে সময় দিচ্ছেন, যাতে দল পুনর্গঠনের কাজ ব্যাহত না হয়। তিনি জানান, বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সভায় অংশ নেওয়া সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম জানান, সভা দুটি অধিবেশনে অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা এবং দ্বিতীয় অধিবেশনে রংপুর জেলা, মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতারা অংশ নেন। স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে যেন একাধিক প্রার্থী না হয়, সে বিষয়ে স্থানীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিএনপির নেতারা জানান, দল পুনর্গঠনের পাশাপাশি সরকারের বিভিন্ন সংস্থা, বোর্ড ও করপোরেশনে রাজনৈতিকভাবে ত্যাগী ও তরুণ নেতাদের মূল্যায়ন করা হচ্ছে। সম্প্রতি সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবের পদ ছাড়া বাকি ১১টি পদে এক বছরের জন্য গ্রেড-২ মর্যাদায় নিয়োগপ্রাপ্তরা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এর আগে ১২টি সিটি করপোরেশনে দলীয় নেতাদের প্রশাসক হিসেবেও নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার নির্বাচনের আগেই দল পুনর্গঠন সম্পন্ন করে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্যেই বিএনপির এ ধারাবাহিক কার্যক্রম চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।