ডেস্ক রিপোর্ট ॥ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, সরকার কোনোভাবেই আইনের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেবে না এবং পুরো বিষয়টি আইনানুগ প্রক্রিয়াতেই পরিচালিত হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে আইনগত সহায়তা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকরা জানতে চান, শেখ হাসিনা এক সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা জানিয়েছেন। এ বিষয়ে সরকারের অবস্থান কী? জবাবে আইনমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার প্রত্যর্পণের চেষ্টা করছে এবং এ বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।
তিনি বলেন, শেখ হাসিনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেও তিনি বাংলাদেশের নাগরিক। তাই তিনি দেশে ফিরে আইনের কাছে আত্মসমর্পণ করতে চাইলে সেই অধিকার তার রয়েছে। তবে আত্মসমর্পণের আগেই তাকে গ্রেপ্তার করা হতে পারে।
আইনমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা দেশে এলে আইন তার নিজস্ব গতিতে চলবে। সরকার আইনের ব্যত্যয় ঘটাবে না। আইন যেভাবে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার মধ্যেই সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেখ হাসিনার কাছে পাসপোর্ট না থাকার বিষয়টি তুলে ধরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি কীভাবে দেশে আসবেন, সেটি তার ব্যক্তিগত বিষয়। তবে বাংলাদেশের সীমানার মধ্যে প্রবেশ করার পর আইন অনুযায়ী রাষ্ট্র তার ক্ষমতা প্রয়োগ করবে।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে উল্লেখিত রয়েছেন। এ বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, দেশে ফিরলে তার ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
