ঢাকাসোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেশে এলএনজি টার্মিনাল বন্ধে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ৩, ২০২৬ ৩:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ কক্সবাজারের মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ড ও কারিগরি ত্রুটির পর দেশে গ্যাস সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এর প্রভাবে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং বেড়েছে, পাশাপাশি শিল্পকারখানা, আবাসিক গ্রাহক ও সিএনজি খাতে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

পেট্রোবাংলা সূত্র জানায়, ২১ জুলাই এলএনজি টার্মিনালে আগুন লাগার পর গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। বর্তমানে দুটি ভাসমান টার্মিনালের মধ্যে কেবল একটি সচল রয়েছে। ফলে দৈনিক গ্যাস সরবরাহ ২৬০-২৭০ কোটি ঘনফুট থেকে কমে ২১০-২১৫ কোটি ঘনফুটে নেমেছে। অথচ দেশের চাহিদা প্রায় ৪১০ কোটি ঘনফুট।

গ্যাসের ঘাটতিতে বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ কমে যাওয়ায় উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গ্যাসের অভাবে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন কমেছে। শনিবার রাত ১টায় বিদ্যুতের ঘাটতি দাঁড়ায় ২ হাজার ৯১৬ মেগাওয়াট। একই সময়ে চাহিদা ছিল ১৬ হাজার ১৫৪ মেগাওয়াট এবং উৎপাদন হয় ১৩ হাজার ২৩৮ মেগাওয়াট।

পরিস্থিতিকে আরও জটিল করেছে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহ সমস্যা, কয়েকটি তেলচালিত কেন্দ্রের জ্বালানি সংকট এবং বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের কারিগরি ত্রুটি।

রাজধানীর রামপুরা, মিরপুর, উত্তরা, মগবাজার, মোহাম্মদপুর ও আদাবরসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে গেছে। অনেক এলাকায় গভীর রাতেও চুলায় গ্যাস পাওয়া যাচ্ছে না। সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ভালুকাসহ শিল্পাঞ্চলের বহু কারখানা উৎপাদন কমিয়ে দিয়েছে। বিকল্প হিসেবে ডিজেল ব্যবহারে উৎপাদন ব্যয়ও বেড়েছে।

পেট্রোবাংলা জানিয়েছে, প্রয়োজনীয় যন্ত্রাংশ বিদেশ থেকে এনে টার্মিনাল মেরামতের কাজ চলছে। চলতি সপ্তাহে অক্ষত অংশ চালু করা গেলে দৈনিক প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এতে বিদ্যুৎ, শিল্প ও আবাসিক খাতে সরবরাহ কিছুটা বাড়তে পারে। তবে টার্মিনাল পুরোপুরি চালু হতে আগামী সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।