ডেস্ক রিপোর্ট ॥ কক্সবাজারে মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মাদকের মূলহোতাদের দমনে কোনো ধরনের আপস করা হবে না। শীর্ষ মাদক কারবারিদের একটি নিরপেক্ষ তালিকা প্রস্তুতের কাজ চলছে এবং তা সম্পন্ন হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার রাতে কক্সবাজার হিলডাউন সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত ‘মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত সভা’ শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়াবার ভয়াবহ বিস্তার দেশের যুবসমাজের জন্য বড় হুমকি। এ পরিস্থিতি মোকাবিলায় কক্সবাজারে সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত বিশেষ টাস্কফোর্সকে আরও কার্যকর করা হচ্ছে।
তিনি জানান, মাদক চোরাচালানের সব রুট চিহ্নিত করে সেখানে স্থায়ী নিরাপত্তা ক্যাম্প স্থাপন করা হবে। পাশাপাশি জলপথে মাদক প্রবেশ ঠেকাতে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল বাড়ানো হবে। মাদক পরিবহনে জড়িত বাহক বা ক্যারিয়ারদেরও দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
সভায় জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুই দিনের সরকারি সফরে কক্সবাজারে থাকা স্বরাষ্ট্রমন্ত্রীর শুক্রবার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়, ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নকাজ পরিদর্শনের কর্মসূচি রয়েছে। পরে তিনি ঢাকায় ফিরবেন।
