ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এর আগে বুধবার বিকালে নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, আজ ৩০০ আসনের তফসিল ঘোষণা করা হবে। এ সময় মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহার ও চূড়ান্ত ভোটের তারিখ ঘোষণা করা হবে। গণভোটের ক্ষেত্রে শুধু ভোট গ্রহণের দিন নির্ধারণ করে জানানো হবে। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ভোট ৮ বা ১২ ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশনের প্রস্তুতি পর্যালোচনায় গতকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনাররা। বৈঠকে ভোটার তালিকার হালনাগাদ অবস্থা, রাজনৈতিক দল নিবন্ধন, ব্যালট পেপারের রং ও নকশা, বিতরণ এবং মক ভোটিংয়ে ভোটারদের সময় ব্যয়সহ বিভিন্ন দিক উপস্থাপন করা হয়। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠু ভোট আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।
এবার ভোটের সময় সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা অপরিবর্তিত থাকলেও প্রতিটি কক্ষে দুটি গোপন কক্ষ থাকবে। এতে ভোট গ্রহণের গতি বাড়বে বলে আশা করছে কমিশন। তবে এর ফলে ব্যয় সামান্য বাড়তে পারে।
এদিকে বাগেরহাটের ৪টি আসন থেকে ৩টি করার ইসির গেজেটকে অবৈধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ইসি সচিব জানিয়েছেন, এ রায় তফসিল ঘোষণায় বাধা সৃষ্টি করবে না। প্রয়োজনে পরে নিয়ম মেনে সংশোধন করা হবে।
চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার ১ হাজার ২৩৪ জন। ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করেছেন, তাদের অন্তর্ভুক্ত করে তালিকা প্রস্তুত হয়েছে।
তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুতির নতুন ধাপে প্রবেশ করছে, যা দেশজুড়ে নির্বাচনী উত্তাপকে আরও ত্বরান্বিত করবে।
