ডেস্ক রিপোর্ট ॥ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিনে দেশবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আদমজী ক্যান্টনমেন্টের বিজ্ঞান ভবন কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকাল থেকে সারাদেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটগ্রহণ চলছে। ভোটাররা বিনা ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।”
জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, দেশের বিভিন্ন এলাকায় ভোটগ্রহণের পরিবেশ খোঁজার জন্য তিনি সরাসরি নজর রাখছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। তিনি ভোটারদের অনুরোধ করেন, “আপনাদের বাড়ি থেকে বের হয়ে নির্ভয়ে ভোটকেন্দ্রে যান। আপনার ভোট গুরুত্বপূর্ণ এবং গণতন্ত্রের মুল ভিত্তি।”
তিনি সাংবাদিকদের কাছে মিডিয়ার ভূমিকাও উল্লেখ করেন। দেশের বিভিন্ন স্থানের খবর পরিবেশনের মাধ্যমে মিডিয়া ভোটারদের উৎসাহিত করছে এবং ভোটের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করছে।
