ডেস্ক রিপোর্ট ॥ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের পাইলটিং কার্যক্রম উদ্বোধন করবেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, প্রধানমন্ত্রী সভাপতিত্বে মন্ত্রিপরিষদের উপ-কমিটির সভায় কার্যক্রমটি অনুমোদিত হয়েছে।
মন্ত্রী বলেন, পূর্বে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি উপকমিটি ফ্যামিলি কার্ড বিষয়ে সুপারিশ করেছিল। আজ প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ১৪টি উপজেলায় কার্যক্রম চালু হবে। প্রতিটি উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে সুবিধাভোগীদের মধ্যে সর্বজনীনভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ধাপে ধাপে কার্যক্রম সারা দেশে সম্প্রসারিত হবে।
মন্ত্রী বলেন, প্রকল্পের মাধ্যমে হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারগুলোর মা–রা সুবিধা পাবেন। প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বী করে তোলা সরকারের মূল লক্ষ্য। একজন নারী স্বাবলম্বী হলে পুরো পরিবার ও আগামী প্রজন্মও স্বাবলম্বী হয়।
মন্ত্রী উল্লেখ করেন, ফ্যামিলি কার্ড প্রকল্প বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী অঙ্গীকারের অংশ। প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে প্রকল্পের বাস্তবায়নের উপর নজর রেখেছেন।
