ডেস্ক রিপোর্ট ॥ ভূমি সেবায় শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। ঘোষিত নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব উপজেলা, সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে নির্ধারিত সেবামূল্যের তালিকা সম্বলিত স্থায়ী সাইনবোর্ড টাঙাতে হবে।
চার ফুট বাই আড়াই ফুট আকারের এই সাইনবোর্ডে প্রতিটি সেবার নির্দিষ্ট ফি উল্লেখ থাকবে। এর ফলে অতিরিক্ত অর্থ আদায় বা অনিয়ম কমবে বলে আশা করছে মন্ত্রণালয়।
নতুন নিয়ম অনুযায়ী, ভূমি উন্নয়ন করসহ সব ফি কেবল অনলাইনে পরিশোধযোগ্য। কোনো কর্মকর্তা নগদ টাকা নিতে পারবেন না। নাগরিকদেরও নগদ লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
অভিযোগের জন্য চালু করা হয়েছে ১৬১২২ নম্বরের সার্বক্ষণিক হেল্পলাইন। নির্ধারিত ফি’র চেয়ে বেশি অর্থ দাবি করলে তাৎক্ষণিক অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে। সত্যতা মিললে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফি তালিকা অনুযায়ী, ই-নামজারি বা মিউটেশন ফি ১ হাজার ১৭০ টাকা। এতে কোর্ট ফি ২০ টাকা, নোটিশ ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন ফি ১ হাজার টাকা এবং প্রতি কপি খতিয়ান ১০০ টাকা অন্তর্ভুক্ত। খতিয়ানের সার্টিফাইড বা অনলাইন কপি ১২০ টাকা, ডাকযোগে পেতে অতিরিক্ত ৪০ টাকা লাগবে।
মৌজা ম্যাপের প্রতি শিটের ফি ৫৪৫ টাকা এবং ডাকযোগে নিলে ১১০ টাকা অতিরিক্ত দিতে হবে। নির্ধারিত তালিকার বাইরে অর্থ গ্রহণ দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করা হয়েছে।
