ডেস্ক রিপোর্ট ॥ গণভোটের ফলাফলের যথাযথ প্রতিফলন হয়নি—এ অভিযোগ তুলে জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় সংসদের কার্যক্রম চলাকালে রাজনৈতিক উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটে।
প্রশ্নোত্তর পর্ব শেষে ৭১ বিধির আওতায় বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, জনগণের দেওয়া রায়ের সম্মান রক্ষা করা হয়নি এবং গণভোটের ফলাফল কার্যকর না হওয়ায় জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে।
তিনি আরও দাবি করেন, পূর্ববর্তী অধিবেশনে আইনমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তার মতে, সংবিধান সংস্কার পরিষদ গঠনের ক্ষেত্রে সমান প্রতিনিধিত্ব নিশ্চিতের বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি ছিল।
সংসদের স্পিকার জানান, আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য বিষয় মুলতবি প্রস্তাব হিসেবে আনা যায় না। তবে সংসদীয় রীতি বজায় রাখতে বিরোধী দলকে আলোচনার সুযোগ দেওয়া হয়েছে।
বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, সংস্কার পরিষদের সভা আহ্বানের নোটিশ আড়াল করার উদ্দেশ্যে নতুন নোটিশ আনা হয়েছে। এ অভিযোগ তুলে তিনি সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন। পরে বিরোধী দলের সদস্যরা একযোগে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুলতবি প্রস্তাব বিষয়ে বেসরকারি সদস্য নোটিশ দিতে পারেন এবং বিরোধীদলীয় নেতার বক্তব্য তথ্যগতভাবে সঠিক নয়।
উল্লেখ্য, চলতি সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনেও রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধী দল ওয়াকআউট করেছিল।
