আন্তর্জাতিক ডেস্ক ॥ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক মন্তব্য করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের পাঠানো প্রত্যর্পণ অনুরোধটি বর্তমানে ভারতের বিচারিক ও আইনি প্রক্রিয়ার অধীনে পর্যালোচনা করা হচ্ছে।
শুক্রবার (১৭ এপ্রিল) নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের চলমান আইনি কার্যক্রমের অংশ হিসেবে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ ভারত গুরুত্বসহকারে বিবেচনা করছে। এ বিষয়ে ভারতের আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
গত ৮ এপ্রিল ভারতের রাজধানীতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন বিএনপি সরকার বিষয়টি উত্থাপন করার পর ভারতের এ বক্তব্যকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ওপর অন্তর্বর্তী সরকারের আরোপিত নিষেধাজ্ঞা সংসদে অনুমোদনের উদ্যোগ নিয়েও প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, বাংলাদেশে চলমান সব রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
তিনি আরও জানান, সাম্প্রতিক বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে ইতিবাচক আলোচনা করেছেন। বর্তমান সহযোগিতা কাঠামোর আওতায় অংশীদারিত্ব সম্প্রসারণের নতুন প্রস্তাবগুলোও যৌথভাবে পর্যালোচনা করা হবে বলে জানান তিনি।
