আন্তর্জাতিক ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ রাষ্ট্র ইসরায়েলের রাজনীতি আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নতুন মোড় নিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী সরকারের বিরুদ্ধে শক্তিশালী জোট গঠন করেছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং বিরোধী নেতা ইয়ার লাপিদ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে তারা ঘোষণা দেন, রাজনৈতিক মতপার্থক্য ভুলে ‘টুগেদার’ নামে একটি নতুন রাজনৈতিক মঞ্চ গঠন করা হবে। তাদের লক্ষ্য একটাই—দীর্ঘদিন ক্ষমতায় থাকা নেতানিয়াহু সরকারের অবসান ঘটানো এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা।
লাপিদ বলেন, বর্তমান পরিস্থিতিতে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে বিরোধী শক্তির ঐক্য অপরিহার্য। তিনি অভিযোগ করেন, সরকারের নীতির কারণে দেশ যুদ্ধ, অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতার ঝুঁকিতে পড়েছে।
২০২২ সালের নভেম্বরে ক্ষমতায় ফিরে নেতানিয়াহু দেশের ইতিহাসের সবচেয়ে কট্টর ডানপন্থী মন্ত্রিসভা গঠন করেন। তার আমলে গাজা যুদ্ধ, হিজবুল্লাহর সঙ্গে সংঘাত এবং ইরানের সঙ্গে উত্তেজনা ইসরায়েলকে দীর্ঘমেয়াদি নিরাপত্তা সংকটে ফেলেছে। গাজা যুদ্ধে বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক মহলেও নিন্দার ঝড় ওঠে।
এদিকে বিচার বিভাগীয় সংস্কার ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে নিয়মিত বিক্ষোভ চলছে। জনমত জরিপে দেখা যাচ্ছে, নেতানিয়াহুর জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমেছে এবং জনগণের বড় অংশ যুদ্ধ ও অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে মুক্তি চায়।
বিশ্লেষকদের মতে, অক্টোবরের নির্বাচনে ‘টুগেদার’ জোট লিকুদ পার্টির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখতে পারবেন, নাকি নতুন রাজনৈতিক যুগের সূচনা হবে—সেদিকেই এখন তাকিয়ে বিশ্ব রাজনীতি।
সূত্র: আল জাজিরা
