ডেস্ক রিপোর্ট ॥ দেশের সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি), যেখানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত তালিকার তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) সাইফুল ইসলাম।
নতুন তালিকা অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর আগে গত ১৮ নভেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত তালিকায় ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। সর্বশেষ হালনাগাদে প্রায় ৬ লাখ ২৮ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২০ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর ভোটারদের তথ্য সংশোধন, নাম স্থানান্তর ও অন্যান্য আপত্তি গ্রহণ করা হয় ৩ মে পর্যন্ত। আবেদনসমূহ নিষ্পত্তির সময়সীমা শেষ হয় ৬ মে।
চূড়ান্ত তালিকার পরিসংখ্যান অনুযায়ী পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।
নির্বাচন কমিশন জানিয়েছে, নিয়মিত হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে ভোটার তালিকাকে নির্ভুল ও অন্তর্ভুক্তিমূলক রাখার উদ্যোগ অব্যাহত থাকবে।
