ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

লাব্বাইক ধ্বনিতে মুখর পবিত্র আরাফাতের প্রান্তর

নিজস্ব প্রতিবেদন
মে ২৬, ২০২৬ ৬:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ধর্ম ডেস্ক ॥ পবিত্র হজের কেন্দ্রীয় আনুষ্ঠানিকতা ‘উকুফে আরাফা’ উপলক্ষে সৌদি আরবের আরাফাতের ময়দানে একত্র হয়েছেন ১৬ লাখেরও বেশি হাজি। মঙ্গলবার (২৬ মে) দিনব্যাপী ইবাদত, জিকির, দোয়া ও কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে তারা হজের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ পালন করছেন।

সৌদি প্রেস এজেন্সি এবং আরব নিউজ জানায়, জিলহজের নবম দিনে ফজরের পর থেকেই হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান নিতে শুরু করেন। নির্ধারিত সময় পর্যন্ত তারা আল্লাহর কাছে ক্ষমা, রহমত ও কল্যাণ কামনায় নিবেদিত থাকেন।

মক্কা নগরী থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আরাফাতের এই বিস্তীর্ণ সমতলভূমি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার জাবালে রহমত পাহাড়কে কেন্দ্র করে অসংখ্য হাজি বিশেষ দোয়া ও ইবাদতে অংশ নেন।

হজের এই গুরুত্বপূর্ণ দিনে হাজিদের নিরাপত্তা ও সেবায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি প্রশাসন। নিরাপত্তা, চিকিৎসা, পরিবহন এবং জরুরি সেবার জন্য হাজারো কর্মকর্তা ও কর্মী দায়িত্ব পালন করছেন। প্রচণ্ড গরমের কারণে স্বাস্থ্য কর্তৃপক্ষ হাজিদের পর্যাপ্ত পানি পান, ছাতা ব্যবহার এবং সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

এর আগে সোমবার মিনায় ‘তারবিয়ার দিন’ পালন করেন হাজিরা। সেখানে তারা পরবর্তী আনুষ্ঠানিকতার জন্য মানসিক ও শারীরিক প্রস্তুতি নেন।

ইসলামী ঐতিহ্য অনুযায়ী, আরাফার দিনটি ক্ষমা ও আত্মশুদ্ধির দিন হিসেবে পরিচিত। মহানবী (সা.)-এর বিদায় হজের ঐতিহাসিক ভাষণও এই ময়দানেই প্রদান করা হয়েছিল।

সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন এবং সেখান থেকে শয়তানকে নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহ করবেন। এরপর হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।